প্রতি বছরের মতো এবারও সিঙ্গাপুরে অভিবাসীদের কবিতা নিয়ে ‘মাইগ্র্যান্ট পোয়েট্রি কম্পিটিশন’ ২০১৯ এর আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সাতটি দেশের অভিবাসী, আটটি ভাষায় মোট ১০২ জন অংশগ্রহণ করে।
এতে ৪ জন বাংলাদেশি চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন। তারা হলেন- কবি রিপন চৌধুরী, কথা সাহিত্যিক ওমর ফারুকী শিপন, কবি সাইফ তমাল এবং তরুণ লেখক শাহ মিনহাজ।
এ বিষয়ে জানতে চাইলে কথা সাহিত্যিক ওমর ফারুকী শিপন বলেন, আগামী ১০ নভেম্বর এই কবিতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। আশা করি সিঙ্গাপুরে বসবাসরত সকল বাংলাদেশি সাহিত্যপ্রেমীরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই চার প্রতিযোগীকে অনুপ্রাণিত করবেন। বাংলা সাহিত্য বিশ্ব দরবারে তুলে ধরতে প্রবাসীদের উপস্থিতি ভালো ফলাফল এনে দিতে সহায়তা করবে
তিনি বলেন, পূর্ব আকাশের লাল টকটকে রক্ত রাঙা তেজি সূর্যটার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় সারাদিনের কর্মক্লান্ত দেহটা যখন নিস্তেজতায় নেতিয়ে পড়ে তখনও কিছু পরবাসী যুবক তাদের হৃদয়ে জমে থাকা কথাগুলো দিয়ে মালা গাঁথে। যেই কথাগুলোর নির্জাস থেকে বের হয়ে আসে মা মাটি দেশ লাল সবুজের প্রতি ভালোবাসার টান! স্বপ্নের শহরে বৈচিত্র্যময় জীবনে পাওয়া না পাওয়ার ব্যাকুলতা থেকেই কিছু অনুভূতির সমষ্টি মিলে তৈরি হয় কাব্য কথা।
বার্তাবাজার/কে.জে.পি