মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: চট্টগ্রামে পৃথক পৃথক অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার ও ডবলমুরিং থানার ডিটি রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোমিনুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার এলাকা থেকে পিক-আপের চাকায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা সহ মোহাম্মদ ফারুককে গ্রেফতার করি। পরে ডবলমুরিং থানার ডিটি রোড থেকে ট্রাকে লুকানো ২০ হাজার ইয়াবা সহ মোহাম্মদ সাঈদ নামক আরেক ইয়াবা কারবারিকে গ্রেফতার করি।”
গ্রেফতারকৃত দুইজন হলেন- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার খয়রাতিপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ ফারুক (২৫) ও সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার খোকসাবাড়ি এলাকার নিজাম উদ্দিনের ছেলে মোহাম্মদ সাঈদ (৪২)।
পুলিশ জানায়, পিকআপ ও ট্রাকে অনায়াসে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের সুবিধার কারণে তারা ইয়াবা সংগ্রহ ও সরবারাহের কাজ করতো। তাদের ইয়াবা কারবারের সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশ তাদের ধরতে তৎপর হয়ে ওঠে। আর আজ তারই পরিপ্রেক্ষিতে এই দুই জনকে আটক করা হয়।
এসআই মোহাম্মদ মোমিনুল হাসান বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে সংশিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস