আবাহনীর স্বপ্ন ভঙ্গঃ তেরেঙ্গানুর শিরোপা জয়

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: চট্টগ্রাম আবাহনীর শিরোপা জয়ের আশা গুঁড়ো বালি করে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শিরোপা জিতে নিলো মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু এফ সি।

আজ বৃহস্পতিবার(৩১ অক্টোবর) সন্ধা ৬টায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা জয় করে মালয়েশিয়ার তেরেঙ্গানু এফ সি।

খেলা শুরুর ১৬ মিনিটেই প্রথম কর্ণার থেকে উড়ে আসা বলে সুকৌশলে হেড করে তেরেঙ্গানুর পক্ষে প্রথম গোল করেন হাকিম বিন মামাত। ফলে ১-০ গোলে এগিয়ে যায় তেরেঙ্গানু এফ সি। প্রথম গোলের মাত্র আট মিনিটের মধ্যেই আরেকটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন আজানিলুল্লাহ বিন আলিয়াস।

দু’পাঁয়ের অসাধারণ ড্রিবলিংয়ে আবাহনীর রক্ষনভাগের তিনজনকে কাটিয়ে বাঁ প্রান্ত থেকে কোনাকুনি শট নিয়ে দর্শনীয় গোল করেন আজানিলুল্লাহ বিন আলিয়াস। ফলে ২-০ গোলে প্রথমার্ধের খেলা শেষ হয়।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর হতে গোল দিতে মরিয়া হয়ে ওঠে আবাহনীর আক্রমণ ভাগের খেলোয়াড়রা। ফলে দ্বিতীয়ার্ধের শুরুতে জোরালো এক শটে বল ক্রস বারের লাইন পার করলে আবাহনীর পক্ষে এক গোল পরিশোধ করেন রতকোভিচ লুকা। বিগত দুই ম্যাচে নিষ্প্রভ থাকা লুকাকে আজ দারুন ফর্মে দেখা যায়।

আর তাঁরই করা একমাত্র গোলে চট্টগ্রাম আবাহনী গোলের ব্যবধান কমাতে সক্ষম হয়। তবে লুকার করা গোলের পর আর কোন গোল করতে পারেনি আবাহনী। বিচ্ছিন্ন বল পাস ও দুর্বল শটের দরুন গোল পরিশোধের সুযোগ পেলেও তা বৃথা যায়।

এছাড়া নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে পরিচিত জামাল ভুঁইয়া, চিনেদু ম্যাথিউ ও দিদিয়ে সহ মাঝ মাঠের খেলোয়াড়া তেমন জ্বলে উঠতে পারেননি।

ফলে প্রথমবারের মত ২-১ গোলে জিতে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মালয়েশিয়ার তেরেঙ্গানু ফুটবল ক্লাব।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর