বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ছিনতাই, গুলি ও গুলির খোসা উদ্ধার

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: অস্ত্রের মুখে জিম্মি করে বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুর দু’ টার দিকে কালিগঞ্জ – শ্যামনগর সড়কের কাটাখালি নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি ও দু’ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

বিকাশ ডিস্ট্রিবিউটর শ্যামনগর উপজেলা শাখার ব্যবস্থাপক প্রদীপ কুমার দে জানান, তিনিসহ মাঠ কর্মী তামিম ও কাস্টমার কেয়ারের কর্মকর্তা মিথুন তিনজন সাউথ ইষ্ট ব্যাংকের সাতক্ষীরা শাখা থেকে ২৬ লাখ টাকা তুলে একটি মোটর সাইকেলে শ্যামনগরে ফিরছিলেন।

পথিমধ্যে দুপুর দুটার দিকে তারা কাটাখালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পালসার মোটর সাইকেল থাকা তিনজন তাদের গতিরোধ করে। এ সময় তারা শূন্যে পিস্তলের দু’টি গুলি ছোঁড়ে। তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লে তার পিঠে ঝোলানো ব্যাগে থাকা ২৬ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ওই ছিনতাইকারীরা।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য বিকাশ এজেন্টসহ তিনজনকে থানায় আনা হয়েছে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি ও দু’ রাউন্ড গুলি খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর