শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবলের ফাইনাল আজ

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ের মঞ্চে মুখোমুখি হবে আয়োজক দল চট্টগ্রাম আবাহনী ও মালয়েশিয়ার তেরেঙ্গানু ফুটবল ক্লাব। যেখানে স্বাগতিকদের লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার আর তেরেঙ্গানুও চায় শিরোপা নিয়েই দেশে ফেরা।

গত আসরে সেমিফাইনাল থেকে ছিটকে পড়া চট্টগ্রাম আবাহনী এবার শিরোপা জিততে সেরা শক্তি-কৌশল প্রয়োগ করেই খেলবে। দলে কোন ইনজুরি সমস্যা নেই। সব খেলোয়াড়ই ফিট। অধিনায়ক জামাল ভুঁইয়ার পাঁয়ে সামান্য ইনজুরি থাকলেও তা এখন পুরোপুরি সুস্থ। এছাড়া বাকি টিম মেম্বাররাও রয়েছেন সুস্থ সবল। এছাড়া নিজস্ব মাঠ এবং গ্যালরি ভর্তি দর্শকদের অনুপ্রেরণায় উজ্জ্বিবীত থাকবে প্রথম আসরের চ্যাম্পিয়ন আবাহনী।

তবে তাই বলে প্রতিপক্ষকে মোটেই খাটো করে দেখছেননা কোচ মারুফুল হক। তেরেঙ্গানুতে রয়েছে দুটি হাটট্রিকসহ এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ গোলদাতা লি টাক। এছাড়াও রয়েছে ব্রুনো সুজুকি সহ বেশ কয়েকজন কৌশলী খেলোয়াড়।

গতকাল সংবাদ সম্মেলনে লি টাকের ব্যাপারে আবাহনী কোচ মারুফুল হকও বলের, “নিঃসন্দেহে ‘লি’ একজন ভালো মানের খেলোয়াড়। যে কোন সময় সে বিপদের কারণ হতে পারে। তাই তাকে সহ আরো দু-একজনকে রাখতে হবে কড়া মার্কিংয়ে।

আবার এই মার্কিং করতে গিয়ে যেন ফাউল না হয় সেদিকেও সতর্ক থাকতে হবে। আবার তাদের পাহাড়াদারি করে সময় পার করলে হবেনা। একই সঙ্গে আমার দলের যারা মূল খেলোয়াড় তাদের গোলও করতে হবে। আশা করি পরিকল্পনা মত যদি সবকিছু সঠিকভাবে বাস্তবায়ন হয়। তাহলে আমরাই জিতবো।

অপরদিকে শিরোপা জয়ে বদ্ধপরিকর হলেও তেরেঙ্গানু কোচ বলেন, তাঁর দলের তিনজন খেলোয়াড়ই ভুগছেন ইনজুরিতে। তাদের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাই স্বাগতিকদের শক্ত প্রতিপক্ষ বলেই মানছেন অতিথি কোচ নাফুজি জেইন, ‘নিজেদের মাঠে খেলা। সেই হিসেবে আবাহনী এগিয়ে থাকবে। তাদের আক্রমণভাগ শক্তিশালী। মাঝমাঠ এবং রক্ষণভাগও ভালো। তাই তাদের আটকানো সহজ হবে না। এরপরও আমরা ম্যাচ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর