নোবিপ্রবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা করছে নোয়াখালীবাসী

নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আগামীকাল ১ নভেম্বর থেকে দুই দিনব্যাপী ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৬৮ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা নোয়াখালীতে আসতে শুরু করেছেন।

নোবিপ্রবি’র আশেপাশে থাকার জন্য ভালো কোনো হোটেলের ব্যবস্থা নেই। তাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বাসটার্মিনাল, রেলস্টেশন ও সড়কে রাত কাটাতে হতো।

তবে এবার ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আর কষ্ট করতে হচ্ছে না। কারণ বিনামূল্যে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে নোয়াখালীবাসী।

গতবছর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় দেখা গেছে, নোয়াখালী পৌর মেয়র ও বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত উদ্যোগে কিছু শিক্ষার্থী ও অভিভাবকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল।

কিন্তু এ বছর নোয়াখালী জেলা প্রশাসন, নোয়াখালী পৌরসভা, নোয়াখালী উপজেলা পরিষদ, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও স্থানীয়রা ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য থাকা খাওয়ার সকল আয়োজন করেছে। একই সঙ্গে যানজট নিরসন, যাতায়াত ও নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন।

এ বিষয়ে নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্ল্যা খান সোহেল বলেন, ‘ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের আসা শুরু হয়ে গেছে। মানবিক দিক বিবেচনা করে আমরা তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি।’

নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নিরাপত্তা, আবাসন, যোগাযোগ ও খাওয়ার ব্যবস্থার আয়োজন করেছি। এ কারণে ৪০০ ভলান্টিয়ার নিয়োগ করেছি। আমরা বিশ্বাস রাখি সুন্দর সুশৃঙ্খলভাবে শিক্ষার্থী ও অভিভাবকদের আতিথেয়তা করতে পারব।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর