শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার বেতনা ও মরিচাপ নদীর অববাহিকায় জলাবদ্ধ কবলিত ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সহায়তার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উত্তরন ও বেতনা-মরিচাপ অববাহিকা পানি কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এ সময় লিখিত বক্তব্যে পাঠ করেন, কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এ.বি.এম শফিকুল ইসলাম।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর, ধুলিহর ও পৌরসভার ২২ টি গ্রামের দুই সহস্রাধিক পরিবার গত জুলাই মাস থেকে জলাবদ্ধ অবস্থায় রয়েছে। অধিকাংশ বাড়ির নলকূপ ও ল্যাট্রিন পানিতে প্লাবিত। তাদের নিরাপদ পানি ও স্যানিটেশন সমস্যা এখন প্রকট। জলাবদ্ধতার কারনে এলাকার মানুষ সেখানে মাছ চাষ ও চাষাবাদ কোনটাই করতে না পেরে শহরে দিনমজুরের মাধ্যমে কষ্টে জীবনযাপন করছেন। এমতাবস্থায় উক্ত সংবাদ সম্মেলন থেকে তাদের আর্থিক সহায়তা, জলাবদ্ধতা দূর করনের জন্য অনেকগুলো সেচ মেশিন স্থাপন, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা সহ বিভিন্ন দাবী সরকারের কাছে তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরনের প্রকল্প সম্বয়কারী জাহিন শামস সাক্ষর, বেতনা ও মরিচাপ অববাহিকা কমিটির আহবায়ক আশেক-ই-এলাহী এলাহি প্রমুখ।