তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডের বাথরুমে আব্দুল মালেক (৬৫) নামে এক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ। ছয় সন্তানের জনক আব্দুল মালেক সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোটঝাউয়েরচর এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় আইসক্রিম বিক্রেতা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আব্দুল মালেক মূত্রথলির সমস্যা নিয়ে গত ২৬ অক্টোবর থেকে আব্দুল মালেক শেরপুর জেলার সদর হাসপাতালের পুরুষ সার্জিক্যাল ওয়ার্ডের বি-১৩ নম্বর বেডে ভর্তি ছিলেন। হাসপাতালের রেকর্ড অনুসারে তার ভর্তি নিবন্ধন নম্বর ৩৭৩৮৭/১৪। তার অবস্থা এখন ভালোর দিকে ছিল।
নিহতের স্ত্রী ফিরোজা জানান, বুধবার সন্ধ্যা থেকে তার স্বামী আব্দুল মালেক চারবার বাথরুমে যান। রাত সাড়ে ৯টার দিকে বাথরুমে যাওয়ার পর বেশ কিছুক্ষণ চলে গেলেও আব্দুল মালেক ফিরে না আসায় তাকে বাথরুমে খুঁজতে যান।
সে সময় ভেন্টিলেটরের লোহার রডের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে হাসপাতালের অন্য রোগীর লোকজন, নার্স, চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলের ওই বাথরুমে ছুটে যান।
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এমকে