মোঃ লোকমান হোসেন, যশোর প্রতিনিধি: যশোর বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৪৯ টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) সকালে সাদিপুর বেলতলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন,মোঃ মোমিন চৌধুরী (৬০),পিতা-মৃত হাসু চৌধুরী,গ্রাম-সাদিপুর, ডাকঘর-বেনাপোল, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
বিজিবি সুত্রে জানা গেছে, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে অদ্য একজন স্বর্ণ পাচারকারী স্বর্ণের বার পাচারের উদ্দেশ্যে বহন করবে।
সাদিপুর এলাকায় পূর্ব থেকেই ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়কের নির্দেশনা মোতাবেক অদ্য ৩১ অক্টোবর সকাল ৬ ঘটিকা হতে নায়েক মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে একটি অভিযান শুরু করে। উক্ত অভিযান চলাকালীন ৬.৫০ ঘটিকায় বিজিবি’র বিশেষ দলটি একজন সন্দেহভাজন ব্যক্তিকে বাই সাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার প্রাক্কালে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর বেলতলা মোড় পাকা রাস্তার উপর থেকে আটক করে।
পরবর্তীতে তাকে তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির সাথে কোমড়ে পেচানো অবস্থায় রাখা (৪৯ টি স্বর্ণের বার) যাহার ওজন ৩ কেজি ৮শ’ ২০ গ্রাম উদ্ধার করা হয়।
আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১,৯১,০০,০০০/- (এক কোটি একানব্বই লক্ষ)টাকা। আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উক্ত স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আটককৃত স্বর্ণের বার ও আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তাবাজার/এমকে