মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: মাদ্রাসা হতে পাশ করা শিক্ষার্থীদের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ হলে তাদের ভর্তির টাকাও মাদ্রাসা থেকে দেওয়ার ঘোষণা দিয়েছেন দারুল উলুম কামিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি খোরশেদ আলম সুজন।
আজ বুধবার (৩০ অক্টোবর) দেশের প্রাচীন ও স্বনামধন্য ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক কাউন্সিলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
জনাব সুজন মাদ্রাসা শিক্ষার্থীদের নানান ক্ষেত্রে যোগ্য ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সরকারের আন্তরিক সহযোগিতার প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষার প্রতি অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় মাদ্রাসা শিক্ষায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আর এই উন্নয়নের যাত্রায় দারুল উলুম কামিল মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ঘটাতে হবে।
তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত থাকার আহবানের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরও শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর রাখার তাগিদ দেন। এছাড়া তিনি মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রয়োজনে বাহির থেকে উচ্চমান সম্পন্ন শিক্ষক এনে বিশেষ কোচিং ব্যবস্থার নির্দেষও দিয়েছেন। শিক্ষার্থীদের প্রতি যথাযথ যত্ন ও মূল্যায়নের লক্ষ্যে শিক্ষকদের উদ্বুদ্ধ করতে প্রতিটি শিক্ষকের শিক্ষা কার্যক্রমকে বছরব্যাপী মূল্যায়ন করার এবং যোগ্যতানুযায়ী তাঁদের বেতন বাড়ানোর কথাও বলেছেন।
দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষকদের সাথে মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুহসিন ভূঁইয়া, উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম ছিদ্দিকীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বার্তাবাজার/এম.কে