কিশোর গ্যাংয়ের উৎপাত, চাপাতির কোপ স্কুলছাত্রের গায়ে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শুভ (১৫) নামে এক স্কুলছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বুধবার সকাল ১০ টায় স্কুলে যাওয়ার পথে আদমজী সোনামিয়া বাজার বাইতুন নূর হাফিজিয়া মাদরাসা সংলগ্ন স্টিল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহত শুভ আদমজী পুরান থানা এলাকার খলিফার বাড়ির আলাউদ্দিনের ছেলে এবং সোনামিয়া বাজারের সফর আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

শুভর পিতা আলাউদ্দিন জানান, তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির জের ধরে কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত সিফাত, রিফাত, কাশেম, ইলিয়াছ ও তাহসিন স্কুল ব্যাগে করে দেশিয় অস্ত্র নিয়ে শুভর ওপর হামলা চালায়। তারা চাপাতি দিয়ে শুভর বুকে ও পিঠে কুপিয়ে গুরুতর আহত করে।

আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তখন তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ খানপুর পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ৫১টি সেলাই করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর