মোঃ লোকমান হোসেন, যশোর প্রতিনিধি: যশোর চৌগাছায় পুলিশ অভিযান চালিয়ে ৩৮৫ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে।
বুধবার (৩০শে অক্টোবর) চৌগাছা শহরের ভাস্কর্য মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পশ্চিমচরের মাউদ্দি গ্রামের কালাম হোসেন (৩৫) ও তার স্ত্রী আয়েশা আক্তার (৩০)।
চৌগাছা থানার এসআই শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৫.৪০ মিনিটে চৌগাছা শহরের ভাস্কর্যের মোড়ে একটি প্রাইভেট কার থেকে ৩৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।এ ঘটনায় প্রাইভেটকারের চালক কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার রৌহা গ্রামের রবিউল আউয়াল (৩০) ও তাদের বহনকারী প্রাইভেটকারটিকেও আটক করা হয়।
তিনি বলেন এ ঘটনায় চৌগাছা থানায় মাদক আইনে মামলা দায়ের করে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তাবাজার/এম.কে