সাকিব আল হাসানকে আইসিসির দুই বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এ সময় সাকিবের নিষেধাজ্ঞায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জড়িত উল্লেখ করে তার পদত্যাগ দাবি জানানো হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা কখনও মেনে নেয়া হবে না। বিশ্ব ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্রকে নিভিয়ে দিতে নানাভাবে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। যখন বাংলাদেশের ক্রিকেটাররা তাদের ন্যায্য অধিকার নিয়ে ধর্মঘট শুরু করে তখন সাকিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিসিবি সভাপতি। এরপরই সাকিবকে শাস্তির সিদ্ধান্ত নেয় আইসিসি। তািই বিসিবি থেকে পাপনকে দ্রুত অপসারণ করতে হবে। তিনি বিসিবির দায়িত্বে থাকার যোগ্য নয় বলে আমরা মনে করি। এ সময় ক্রিকেট বোর্ডকে দলীয়করণ ও অপরাজনীতি মুক্ত করার দাবিও জানান তারা।
পরে শিক্ষার্থীরা তিন দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো- সাকিবের প্রতি ষড়যন্ত্রমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার কবে তাকে খেলার মাঠে ফেরাতে হবে, ক্রিকেট বোর্ড সভাপতিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং ক্রিকেট নিয়ে সকল ষড়যন্ত্র রুখতে হবে।
এদিকে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘সাকিব উই আর সরি’, ‘সাকিব ইজ আওয়ার ক্রিকেট’, ‘সাকিব ইজ নট ফর সেল’ ইত্যাদি লেখা বিভিন্ন প্ল্যাকার্ড ছিল। মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অংশ নেন।
এ সময় অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, সাকিব অপরাধ করেননি, সে ভুল করেছে। এই ইস্যুটি পুনরায় বিবেচনার দাবি করেন তিনি।
বার্তাবাজার/এম.কে