এম এ মালেক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের যমুনা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে পানিতে ডুবে নিহত নৌকার মাঝি সাইদুর রহমান প্রামানিকের (৬০) পরিবারের সদস্যদের হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের নিজ কক্ষে নিহত সাইদুর রহমানের ছেলে চাঁন মিয়া ও মেয়ে সানজিদার খাতুনের হাতে ২০ হাজার টাকা করে এবং স্ত্রী চায়না খাতুনের হাতে ১০ হাজার টাকার এ চেক তুলে দেয়া হয়।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ শামীম, সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান খানসহ আ’লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠেনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদের আয়োজনে সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধ এলাকায় নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে দর্শনার্থীদের একটি নৌকা সাইদুরের নৌকাটি ধাক্কা দেয়।
এতে তিনি নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন। ওইদিন রাত ও পরদিন দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তার কোন সন্ধান পায়নি। ১২ অক্টোবর শনিবার দুপুরে মতি সাহেবের ঘাট এলাকায় যমুনা নদীতে সাইদুরের ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত সাইদুর উল্লাপাড়া উপজেলার মানিকদিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়া একটি নৌকার মাঝি ছিলেন।
বার্তাবাজার/এম.কে