ভারতীয় জেলেদের বাংলাদেশের জলসীমায় আগ্রাসন বন্ধ, প্রকৃত জেলেদের ভাতার আওতায় আনা ও দুবলার চরে জেলেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ভাসমান হাসপাতাল নির্মাণসহ নানা দাবিতে মোংলায় মানববন্ধন করেছে উপকূলের জেলে ও জেলে পরিবার। বুধবার (৩০ আক্টোবর) সকাল সাড়ে ১১টায় চিলা বাজারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র আয়োজনে মানববন্ধনে কয়েক শতাধিক নারী পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তার বলেন, মৎস্য সম্পদের ভান্ডার বঙ্গোপসাগরের মাছ বিদেশীদের দ্বারা লুট হচ্ছে। ভারতীয় জেলেরা প্রতিনিয়ত বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মৎস্য আহরণ করছে। ওই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় জেলেরা। তাই ভিনদেশী জেলেদের আগ্রাসন বন্ধে সরকারের হস্তক্ষেপ চান তারা। অক্টোবর মাসেই বঙ্গোপসাগরের গহীনে ফেয়ারওয়ে বয়া এলাকায় অবৈধভাবে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করায় ৬৩ ভারতীয় জেলে আটক হয়েছে। সাগর যদি রক্ষা করা না যায়, তাহলে সাগর জয়ের সুফল বাংলাদেশ পাবে না। মৎস্য সম্পদ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা শেষে শুটকী আহরণে সমুদ্রে অক্টোবর থেকে অস্থায়ীভাবে ৭ মাস যাবত দুবলার চর, আলোর কোলসহ চরাঞ্চলে বসবাস করবে বিভিন্ন এলাকা থেকে আসা জেলেরা। এসল জেলেদের স্বাস্থ্য সুরক্ষায় সুন্দরবনের সাগর পাড়ে ভাসমান হাসপাতাল চালু করার আহ্বান জানানো হয়।
পাশাপাশি সুন্দরবনের প্রাণ পশুর নদী এবং সংকটাপন্ন সুন্দরবন রক্ষারও দাবি জানানো হয়। একইসঙ্গে প্রকৃত জেলেদের চিহ্নিত করে ভাতার ব্যবস্থা ও দুবলায় মৎস্য আহরণে থাকা জেলেদের স্বাস্থ্যসেবার জন্য হাসপাতাল নির্মাণের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে মোংলা জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, জেলে সমিতির নেতা পিলাত মণ্ডল, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার গীতা হালদার, কমলা সরকার, নাজমুল হক, মারুফ বিল্লাহসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কে.জে.পি