ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের সহায়তায় অশ্লীল নৃত্য প্রদর্শন

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মধ্য রাতে গানের অনুষ্ঠানের নামে প্রদর্শিত হলো অশ্লীল নৃত্য। বহিরাগত ভাড়াটে নৃত্য শিল্পীদের অশ্লীল নাচ রাত জেগে উপভোগ করেছে আবাল বৃদ্ধ বনিতা সহ স্কুল পড়ুয়া কিশোররা।

গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মলানিতে অনুষ্ঠিত এ অশ্লীল নৃত্যানুষ্ঠানের মূল তত্বাবধানের ভুমীকায় ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী নিজেই। ওই দিন রাত ১২ টা হতে ৩ টা পর্যন্ত চলে অনুষ্ঠানটি।

সরজমিনে দেখা যায়, ঝলমলে সুন্দর মঞ্চ। গানের অনুষ্ঠানের প্রচারনার কথা থাকলেও সেখানে চলছে অশ্লীল নৃত্য। চারিদিকে অগণিত দর্শক। মঞ্চের সামনে সোফায় বসে রয়েছেন ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীসহ কিছু ইউপি সদস্য। আর তাদের পাশেই মঞ্চ ঘিরে বসে রয়েছে স্কুল পড়ুয়া বেশ কিছু কিশোর। আবেগে আপ্লুত হয়ে ভাড়াটে শিল্পীদের সাথে নাচে অংশগ্রহণ করেন অনেক মাতাল দর্শক।

পরবর্তীতে বাড়তে থাকে দর্শক সমাগম ও নাচের অশ্লীলতার ধরন। শিল্পীরা নিচে নেমে এলে চেয়ারম্যান নিজেও অংশ নেন সে নৃত্যে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, এ ধরনের নৃত্য এলাকার উঠতি বয়সের ছেলে মেয়েদের জন্য খুবই খারাপ। এখানকার বর্তমান চেয়ারম্যান ও ইউপি সদস্যের সহায়তায় ছেলেরা এ অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছে। কিন্তু আমরা ভয়ে এই বিষয়ে কিছু বলতে পারিনা।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান অইউব আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় ছেলেরা আয়োজনটি করেছে। যাতে কোন বিশৃঙ্খলা না হয় তাই আমি নিজেই উপস্থিত ছিলাম। এরকম নৃত্য তেমন কোন বিষয় না। স্কুল পড়ুয়া ছেলেদের উপস্থিতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এটা একটা গ্রাম এলাকা। আসে পাশের ছেলেরা আসতেই পারে। তাদের তো আর আটকে রাখা জায় না।

এই বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আশিকুর রহমান (পিপিএম) বলেন, আমরা তথ্য পেয়ে গিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছিলাম। পরবর্তীতে আবার শুরু করার বিষয়টি আমাদের জানা নেই।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর