মোস্তাফিজ রাকিব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আবারো অডিও ফাঁসে ভাইরাল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা মুঠোফোনের ঐ ২মিনিট ১৫ সেকেন্ডের কথোপকথনে তিনি অজ্ঞাতনামা একজনের সাথে টাকার বিনিময়ে হাইকোর্টের রায় কেনার বিষয়ে বিভিন্ন কথা বলেন। এদিকে অডিওতে আদালত অবমাননা করা হয়েছে বলেও অভিযোগে উঠেছে।
বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, ২৯ অক্টোবর রাতে একটি ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পরা ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের ঐ অডিওতে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এ্যন্ড ব্যাংকিং বিভাগ, আইন বিভাগ ও গণিত বিভাগের শিক্ষক নিয়োগ নিয়ে কথা বলেন।
ফোনালাপে ওই ব্যক্তি বলেন, ‘ফিন্যান্সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছেলে আবেদন করেছে। আইন বিভাগে একটা সার্কুলার হয়ে রয়েছে। আর গণিত বিভাগের সাইফুলের (সাবেক ইবি ছাত্রলীগের সভাপতি) স্ত্রীর ব্যাপারাটা কনফার্ম করতে হবে‘।
এ সময় রাকিব বলেন, ‘সে ব্যাপারটা হবে। কিন্তু ম্যালা টাকা লাগবে। হাইকোর্টে একটা রিট করতে হবে। রিট করে রায় কিনে আনতে হবে। হাইকোর্টের এমন এমন জায়গায় এমন এমন লাইন, আপনি যেভাবে চাবেন সেভাবে রায় দিবে। শুধু টাকা লাগবে’।
এদিকে অডিওটি ছড়িয়ে পরলে শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন ও সাবেক সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা।
উল্লেখ্য এর আগেও ইবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বলে জানা গেছে।
বার্তাবাজার/এম.কে