মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: চট্টগ্রামে ১লা নভেম্বর (শুক্রবার) হতে শুরু হতে চলেছে ইন্টারন্যাশনাল উইম্যানস এসএমই এক্সপো বাংলাদেশ’র ১৩ তম আসর।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান মেলা কমিটির আহ্বায়ক ও উইম্যান চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ডাঃ মুনাল মাহবুব।
শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী আয়োজিত এই মেলার উদ্বোধন করবেন বানিজ্য মন্ত্রী টিপু মুন্সী।
মেলা কমিটির আহ্বায়ক ও উইম্যান চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ডাঃ মুনাল মাহবুব সাংবাদিকদের বলেন, এই মেলা দক্ষিণ এশিয়ার নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় বাণিজ্য সম্মিলন। এ বছর বাহরাইন, কাতার, মধ্যপ্রাচ্য, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক প্রতিনিধিদের মেলা পরিদর্শনের নিশ্চয়তা পেয়েছি। মেলার কান্ট্রি পার্টনার হয়েছে ইন্দোনেশিয়া।
তিনি আরো বলেন, দেশের নারী উদ্যোক্তাদের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত এই মেলায় দেশ বিদেশের বিভিন্ন প্রতিনিধি, দর্শক ও পর্যটকদের সমাগমে দেশব্যাপী নারী উদ্যোক্তা সৃষ্টির সুযোগ বৃদ্ধি পাবে এবং নারী সমাজকে স্বনির্ভর হতে উৎসাহ যোগাবে।
মেলায় ছোট বড় সাড়ে তিনশ’ স্টল ও ১৫টি প্যাভিলিয়ন থাকবে। এছাড়া মেলার বিশেষ আকর্ষন স্বরূপ প্রতি সপ্তাহে প্রবেশ টিকিটের ওপর মোটরসাইকেলসহ ৫১টি পুরস্কার থাকবে। মেলার স্পন্সর হিসেবে রয়েছে। বসুন্ধরা গ্রুপ, ব্র্যাক ব্যাংক, ইউসিবি, সিটি ব্যাংক, ইস্পাহানী গ্রুপ, টেলিটক সহ বেশ কিছু নামীদামী প্রতিষ্ঠান ও শিল্প সংস্থা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবিদা মোস্তফা, সহ সভাপতি রেখা আলম চৌধুরী, নিশাত ইমরান, সাহেলা আবেদীন, শারমিলা রিমা, ফেরদৌসী ইয়াসমিন খানম সহ বিশিষ্ট নারী উদ্যোক্তা ও মহিলা নেতৃবৃন্দ।
শুক্রবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বানিজ্য মন্ত্রী টিপু মুন্সীর পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কেএম হাবিব উল্লাহ, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিসেস রিনা পি সোমারনো, এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, লায়ন জেলা গভর্নর কামরুন মালেক সহ প্রমুখ।
বার্তাবাজার/এম.কে