সাকিব ভুল করেছে, অপরাধ না: রিয়াদ

দলের সঙ্গে আজই ভারত যাওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু ভারত যাওয়ার আগের দিনই তার কাছে আসে দুঃসংবাদ। সব ধরনের ক্রিকেটে দুই বছরের জন্য (এক বছর স্থগিত নিষেধাজ্ঞা) নিষিদ্ধ হয়েছেন তিনি। যে কারণে আপাতত ক্রিকেটের বাইরেই থাকতে হচ্ছে তাকে।

সাকিবকে ছাড়াই আগামী এক বছর খেলতে হবে বাংলাদেশ দলকে। বুধবার ভারতের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাকিবকে না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ভারত সিরিজে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন রিয়াদ।

বিমানবন্দরে মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘যেহেতু দায়িত্ব পেয়েছি, চেষ্টা করব ঠিকঠাক পালন করতে। আমরা যখন মাঠে নামি তখন আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা থাকে দেশের জার্সি। এর চেয়ে বড় অনুপ্রেরণা আর হতে পারে না। আমরা চেষ্টা করব মাঠে যেন ভালো করতে পারি। পরিসংখ্যান বলে ভারত ভীষণ শক্তিশালী দল। দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে। ছোট ছোট যখন যে সুযোগ আসবে এগুলো যেন কাজে লাগাতে পারি। যেন ম্যাচ জিততে পারি।’

সাকিবকে নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই সাকিবকে মিস করব। সে বাংলাদেশ দলের অনেক বড় এক অংশ। সবাই ওর জন্য ব্যথিত। জানি সে আমাদের দলের জন্য, দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সে একটা ভুল করেছে, অপরাধ করেনি। ওর প্রতি আমাদের সমর্থন থাকবে। তাকে আগের মতোই ভালোবাসব। আমাদের কাজ জান দিয়ে দেশের হয়ে খেলা, এটাই চেষ্টা করব।’

মুশফিকুর রহিম বলেছেন, ‘সাকিবের বিকল্প নেই। অবশ্যই তাকে মিস করব। সে আমাদের নাম্বার ওয়ান খেলোয়াড়। তার জায়গায় যারা এসেছে তাদের জন্য এটা বড় সুযোগ। সাকিব যদি চোটে পড়ত নিশ্চয়ই অন্য কেউ তার জায়গায় আসত। এভাবেই দেখলে আমাদের ভালো হয়। ক্রিকেটে কেউ নিশ্চয়তা দিতে পারবে না। ভালো ফলই এসব পেছনে ফেলতে পারে। এক নম্বর দলের সঙ্গে খেলতে যাচ্ছি, চ্যালেঞ্জ তো থাকবেই। এই চ্যালেঞ্জ আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগায়। আমরা দোয়া চাই। শুধু দলের জন্য নয়, সাকিবের জন্যও। আমরা ওর পাশে আছি।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর