নাকুগাঁও ব্রিজপাড়ে ধ্বস, বালু উত্তোলনের ৮ মেশিন ধ্বংস

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ব্রিজ এলাকার ভোগাই নদীতে মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮টি শ্যালুচালিত ড্রেজার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

বারবার নিষেধাজ্ঞা আর ভ্রাম্যমান আদালত পরিচালনার পরও নিয়ম-নীতির তোয়াক্কা না করে বালু উত্তোলন করায় ৩০ অক্টোবর বুধবার সকালে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন।

প্রশাসন সূত্র জানা গেছে, ভোগাই নদীর নাকুগাঁও ব্রিজের দুইপাশে ৫শ মিটার করে মোট এক কিলোমিটার এলাকা থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন। নিষিদ্ধ এ সীমানা নির্ধারণে লাল পতাকাও ঝুলিয়ে দেওয়া হয়েছিল।

কিন্তু বরাবরই কতিপয় বালু উত্তোলনকারী এ নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চলে আসার পরপরই আবারও নিষিদ্ধ সীমানায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করে তারা।

গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার একই জায়গা থেকে ৫টি মেশিন ধ্বংস করে উপজেলা প্রশাসন। কিন্তু ভ্রাম্যমান আদালত চলে আসার কিছু সময় পর আবারও একই স্থানে ৮টি মেশিন বসিয়ে চলছিল বালু উত্তোলন।

সম্প্রতি এ স্থান থেকে বালু উত্তোলনের ফলে নাকুগাঁও ব্রিজ রক্ষায় তৈরি সিসি ব্লক দেবে যেতে শুরু করেছে। ভেঙ্গে পড়েছে নদীর তীর। ক্ষতিগ্রস্থ হয়েছে পার্শ্ববর্তী মসজিদের জন্য তৈরি পাইলিং। ফলে বুধবার সকালে আবারও ওই স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রশাসন। এসময় ৮টি শ্যালু মেশিন ধ্বংস করা হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন জানান, নিষিদ্ধ সীমানায় বালু উত্তোলনের ফলে ব্রিজের জন্য বাঁধানো নদী তীর ধ্বসে গেছে এবং একটি মসজিদের পাইলিংও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এখন থেকে নিয়মিত অভিযান চলবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর