যেকোনো জেলায় দুর্নীতিবিরোধী অভিযান হতে পারে: পরিকল্পনামন্ত্রী

সারাদেশে দুর্নীতিবিরোধী অভিযান চলছে। এ অভিযান যেকোনো জেলায় হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০০ হতদরিদ্র পরিবারের মধ্যে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন, দুর্নীতিবাজদের কোনো বিবেচনা নেই। যেখানে দুর্নীতি পাওয়া যাবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। শুধু ঢাকায় নয়, সারাদেশের সাথে সুনামগঞ্জের দুর্নীতিবাজদেরও চিহ্নত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমুখ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর