তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট ম্যাচ খেলতে আজ ভারতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরে প্রথমে টি-টোয়েন্টি দলে নাম ছিল তামিমের। কিন্তু পরে তামিম ভারত সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। কারণ, তামিম-আয়েশা দম্পতি দ্বিতীয় সন্তানের অপেক্ষায়। সিরিজ চলাকালীন সময়ে তামিমের স্ত্রীর ডেলিভারির তারিখ রয়েছে।
ভারত সফরে না যেতে পারে খারাপ লাগছে তামিমের। বুধবার ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তামিম একথা লিখেছেন। সেই সঙ্গে তিনি লিখেছেন যে, কখনো কখনো পরিবার ও আপনজনের পাশে ক্রিকেট গৌণ হয়ে ওঠে।
ফেসবুকে তামিম লিখেছেন, ‘আপনারা জানেন, পারিবারিক কারণে ভারত সফর থেকে আমি বিরতি নিয়েছি। এই সিরিজে খেলতে না পেরে আমি নিজেও ভীষণ হতাশ। বাংলাদেশ প্রথমবার ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও আমাদের প্রথম ম্যাচ এই সফরে। এই সফর ও নতুন মৌসুমের জন্য আমি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। দেশের বাইরে গিয়ে আলাদা করে এক মাস ফিটনেস ট্রেনিং করেছি। দেশে ফিরে ব্যাটিং অনুশীলন করেছি। শারীরিক ও মানসিকভাবে দারুণ প্রস্তুতি নিয়েছি। কিন্তু তার পরও সফরে যেতে পারছি না, কারণ কখনো কখনো পরিবার ও আপনজনের পাশে ক্রিকেট গৌণ হয়ে ওঠে।’
তিনি আরো লিখেছেন, ‘আমি ও আমার স্ত্রী আমাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছি। আমার স্ত্রীর শারীরিক অবস্থার কারণে আমাদের ধারণার চেয়ে একটু বেশি সময় ওকে হাসপাতালে থাকতে হচ্ছে। আমার মনে হয়েছে, এই সময়টায় ওর পাশে আমার থাকা উচিত। এজন্যই ছুটি নিতে হয়েছে। এমনিতেই পরিবার থেকে অনেকটা সময় আমরা দূরে থাকি, তাদেরকে প্রাপ্য সময়টুকু দিতে পারি না। আমাদের পরিবারের সদস্যারা অনেক ত্যাগ স্বীকার করেন। অন্য অনেক সময় না পারলেও জীবনের এই সময়গুলোতে অন্তত পরিবার আমাকে পাশে চাইতেই পারে।’
তিনি বলেন, ‘আমি আমার দলকে মিস করব, ক্রিকেট মাঠকে মিস করব। তবে জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রী যেন আমাকে মিস না করে, সেটুকু নিশ্চিত করতে চেয়েছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাইছি। ইনশায়াল্লাহ খুব দ্রুতই আবার আমাকে মাঠে দেখতে পাবেন। কঠিন সময়ে পাশে থাকার জন্য ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’
বার্তাবাজার/কে.জে.পি