আমরণ অনশনে ছাত্রদলের বিবাহিতরা

বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়ার দাবিতে আমরণ অনশনে বসেছে সংগঠনটির বিবাহিত নেতারা।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১ টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারা এই অনশন শুরু করেন। অনশনে ছাত্রদলের প্রায় ৩৫ জন নেতা উপস্থিত রয়েছেন।

ছাত্রদলের বিগত কেন্দ্রীয় কমিটির স্কুলবিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।’ আরাফাত বিল্লাহ ছাত্রদলের বিগত কাউন্সিলে সভাপতি পদে মনোনয়নপত্র উঠালেও বিবাহিত হওয়ার কারণে তা বাতিল হয়ে যায়।

আরাফাত বিল্লাহ খান বলেন, ‘এখানে যারা অনশনে বসেছেন এদের মধ্যে প্রায় ২৭ জন বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য নমিনেশন তুলেছিলেন। ওই সময় আমাদের বলা হয়েছিল, সভাপতি-সাধারণ সম্পাদক পদ না পেলেও কমিটির অন্যান্য পদে বিবাহিতরা আসতে পারবেন। কিন্তু আমরা এ বিষয়ে কোনো পদক্ষেপ দেখছি না। সেজন্য দাবি আদায়ে আমরণ অনশনে বসেছি।’

গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে ফজলুর রহমান খোকন সভাপতি এবং ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে ওই কাউন্সিলে দুটি গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করা হয়েছিল। একটি হলো- নির্বাচনে বিবাহিতরা প্রার্থী হতে পারবেন না।

অন্যটি হলো-প্রার্থীরা কাস্টিং ভোটের ১০ শতাংশ না পেলে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটিতে তারা স্থান পাবেন না। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে ২৮ জন প্রার্থী অংশগ্রহণ করলেও মাত্র ৬ জন দশ শতাংশের বেশি ভোট পান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর