সুযোগ পেয়ে সাকিবকে কটাক্ষ রমিজ রাজার

বাংলাদেশের ক্রিকেটের উন্নতি তার কখনই সহ্য হয়নি অতীতেও। বারবারই সুযোগ পেলে টীকা-টিপ্পনী কেটেছেন টাইগারদের নিয়ে। মাঝে কয়েকদিন বাংলাদেশ ক্রিকেটের দুর্দান্ত পারফরম্যান্সের মুখে না পেরেই দুয়েকটা সুনাম করেছেন। তবে সুযোগ পেয়ে আরও একবার নিজের পুরোনো চেহারাটা দেখালেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ক্রিকেটের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা।

ম্যাচ ফিক্সিংয়ের তথ্য গোপন করার দায়ে মঙ্গলবার আইসিসির কাছ থেকে ২ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। আর এবার সেই সুযোগে সাকিবকে ধুয়ে দিলেন রমিজ রাজা।

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার সাকিবের নিষেধাজ্ঞার খবরটি শোনার পরই টুইট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। যেখানে তিনি এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করলেও ক্রিকেটার সাকিবকে ঠিকই কটাক্ষ করেছেন।

রমিজ রাজা তার টুইটে লিখেছেন, ‘সাকিব আল হাসানের এই নিষেধাজ্ঞা ক্রীড়াপ্রেমী এবং খেলোয়াড় সকলের জন্য একটা শিক্ষা : যদি আপনি খেলাটাকে অসম্মান করেন এবং আরোপিত নিয়ম-নীতির তোয়াক্কা না করে খেলাটার চেয়ে নিজেকে বড় করার চেষ্টা করেন, তবে চমৎকার একটি পতনের জন্য তৈরি থাকুন। দুঃখজনক।’

‘চমৎকার পতন’ কথাটি লিখে রমিজ রাজা যেন তার মনের খুশিকেই তুলে ধরেছেন। ব্যাপারটা এমন, অনেক দিন ধরে এমন সুযোগই তো খুঁজছিলাম। এখন ভালো হলো তো!

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর