চট্টগ্রামে অস্ত্রসহ সাত মামলার আসামি ‘মামা ইকবাল’ গ্রেফতার

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: চট্টগ্রামের সি আর বি এলাকা হতে হত্যা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও মাদক আইনে অভিযুক্ত সাত মামলার পলাতক আসামি ইকবালকে অস্ত্র সহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সিআরবি সাত রাস্তার মাথা গোয়ালপাড়ার মুখে অবস্থানকালে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি থ্রি কোয়ার্টার বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার সাইফুল ইসলাম ইকবাল প্রকাশ মামা ইকবাল ভোলা জেলার দৌলতখাঁ থানার মিজি বাড়ির শাহজাহান মিয়ার ছেলে। ইকবাল চট্টগ্রাম বায়েজিদ থানাধীন ডেবারপাড় এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন বলেন, “সাইফুল ইসলাম ইকবাল প্রকাশ মামা ইকবালের বিরুদ্ধে বায়েজিদ থানায় ডাকাতি, হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক আইনে ৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত তাকে খোঁজা হচ্ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে সিআরবি সাতরাস্তার মাথা এলাকায় একটি অস্ত্র বেচা কেনা করবে। খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে একটি থ্রি কোয়ার্টার বন্দুক সহ তাকে গ্রেফতার করি।”

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর