ফাইনালে পৌঁছাবার দৌড়ে পিছিয়ে পড়লো মোহনবাগান

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: ২৯ অক্টোবর ২০১৯ঃ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে পৌঁছাবার দৌড়ে ছিটকে পড়লো মোহনবাগান ফুটবল ক্লাব।

মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সন্ধা ৭টায় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মালয়েশিয়ার তেরেঙ্গানু এফ সির কাছে ৪-২ গোলের হারে ফাইনাল খেলার স্বপ্ন ভেঙে গেল ১৩০ বছর প্রাচীন ও পরিচিত কোলকাতার ফুটবল ক্লাব মোহনবাগানের।

খেলার শুরু হতেই হাড্ডাহাড্ডি লড়াই করছিল মোহনবাগান। তবে আক্রমণ ভাগ দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও দুর্বল ছিল মোহনবাগানের রক্ষণ বিভাগ। আর সেই দুর্বলতার দরুন ৩৯ মিনিটে প্রথম গোলের শিকার হয় মোহনবাগান। ১-০ গোলে পিছিয়েই শেষ করতে হয় খেলার প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর প্রথম দুই মিনিটের মাথায় মোহনবাগানকে সমতায় ফিরান ফ্রান্সিসকো। কিন্তু টুর্ণামেন্টের এ যাবত সর্বোচ্চ গোলদাতা হিসেবে পরিচিত লি টাকের অসাধারণ নৈপুণ্যে দারুণ এক ফ্রি কিকে করা দ্বিতীয় গোলে মোহনবাগান আবারো পিছিয়ে পরে। যদিও লি টাকের গোলের তৃপ্তি বেশি সময় স্থির হতে পারেনি। কেননা, লি টাকের দ্বিতীয় গোলের মাত্র দুই মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল পরিশোধ করেন মোহনবাগানের প্রথম গোলদাতা ফ্রান্সিসকো।

এরপর এখানেই মোহনবাগানের গোল যাত্রা থেমে রইল। উল্টো ম্যাচের ৭৪ মিনিটে তেরেঙ্গানুর ফরোয়ার্ড ইসমাইলের বাঁ প্রান্ত থেকে করা কোনাকুনি শটের গোলে ও ৭৬ মিনিটে মোহনবাগানের গোলকিপারের ভুলে পেনাল্টিতে লি টাকের করা চতুর্থ গোলে মোহনবাগান ৪-২ গোলে পিছিয়ে থাকে।

গোল পরিশোধের তখন একাধিক সময় ও সুযোগ থাকলেও গোল পরিশোধে ব্যর্থ হয় মোহনবাগান। খেলার শেষের দিকে মোহনবাগানের খেলার ধরন ছিল খুব দারুণ। মুহুর্মুহু আক্রমণ চালাতে থাকে তেরেঙ্গানুর শিবিরে। কিন্তু দুর্ভাগ্য মোহনবাগানের। কোনক্রমেই গোল পরিশোধ হলোনা। ফলে এবারের আসর হতে বিদায় হলো কোলকাতার ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানের।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর