বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বিভিন্ন জরিপ পরিচালনার জন্য দেয়া গাড়ি ও মোটরসাইকেলের হিসেব দিতে বলা হয়েছে। জরিপ শেষ হলে সেসব যানবাহন কোথায় যায় সে বিষয়ে জানতে চেয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তীকে এই হিসাব দেয়ার নির্দেশ দেন পরিকল্পনামন্ত্রী।
২০২১ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা জরিপে গাড়ি/মোটরসাইকেল কেনার জন্য বড় অংশের অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
এ রকম পরিপ্রেক্ষিতে এক সংবাদকর্মী জানতে চান, বিবিএসে এখন পর্যন্ত অনেক জরিপ করেছে। প্রত্যেকটি জরিপ বা প্রকল্পে গাড়ি দেয়া হয়। প্রত্যেক প্রকল্পে যে গাড়িগুলো কেনা হয়, সেগুলো কোথায় যাচ্ছে?
জবাবে সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী বলেন, ‘প্রতি ১০ বছর পরপর যে শুমারি হয়, গাড়ি খুব কমই কেনা হয়। সেখানে মোটরসাইকেল দেয়া হয় বেশি।’
এরপর পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আগে সব জেলা পর্যায়ে গাড়ি ছিল না। উপজেলা পর্যায়ে গাড়ি থাকার প্রশ্নই উঠে না। কিছু কিছু প্রকল্পভিত্তিক গাড়ি কেনা হয়েছে। তবে আজকে সকালে ভাবছিলাম, সচিবকে জিজ্ঞাসা করব, আগের গাড়ির খবর দেন। আপনার কোথায় কোন প্রকল্প ছিল, কোথায় কোন গাড়ি ছিল, সেটার হদিস করে আমাদেরকে জানান।’
বার্তাবাজার/কেএ