মোহনবাগানকে হারিয়ে ফাইনালে তেরেঙ্গানু

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্ণামেন্টে মোহনবাগানকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করলো মালয়েশিয়া তেরেঙ্গানু এফ সি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় মালয়েশিয়ার তেরেঙ্গানু এফ সি ও কোলকাতার মোহনবাগান।

খেলা শুরুর ৩৯ মিনিটে তেরেঙ্গানুর মিডফিল্ডার লি টাকের ২৫ গজ দূর হতে করা অসাধারণ এক ফ্রি কিকে প্রথম গোলের দেখা পায় তেরেঙ্গানু।
এক গোল খাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহনবাগানকে সমতায় ফিরান ফ্রান্সিস্কো। বৃত্ত প্রকাশ ফাউলের শিকার হলে মোহনবাগান পেনাল্টির সুযোগ পাই। পেনাল্টিতে গোল করেন ফ্রান্সিস্কো। ফলে ১-১ গোলে সমতায় ফিরে মোহনবাগান। এরপর আবারো তেরেঙ্গানুর মিডফিল্ডার লি টাকের আক্রমণ। এবার আরেকটি ফ্রি কিকের সাহায্যে দলকে এগিয়ে নেন তিনি।

তবে দুই গোলের স্বাদ উপভোগ করার বেশি সময় হলোনা তেরেঙ্গানু খেলোয়াড়দের। দ্বিতীয় গোল করার মাত্র দুই মিনিট পরই গোল শোধ করে মোহনবাগানের প্রথম গোলদাতা ফ্রান্সিস্কো হাভিয়ের।

২-২ গোলে চলতে থাকা ম্যাচের ৭৪ মিনিটে মোহনবাগানের শিবিরে কাল হয়ে দারান ছোটখাটো গঠনের স্ট্রাইকার সাফিক বিন ইসমাইল। বাঁ প্রান্ত দিয়ে দ্রুত গতিতে বল নিয়ে ছুটতে থাকা ইসমাইল মোহনবাগানের দুই ডিফেন্ডারকে কাটিয়ে একেবারে কোনাকুনি শট নিলে বল সোজা গিয়ে জালে জড়ায়। আর তেরেঙ্গানু এগিয়ে যায় ৩-২ গোলে।

তৃতীয় গোল করার মাত্র দুই মিনিট পরেই তেরেঙ্গানু পায় আরেকটি গোলের দেখা। জাপানি খেলোয়াড় পায়ে সুজুকিকে বল নিয়ে আগাতে অবৈধভাবে বাঁধা দেন মোহনবাগানের গোলরক্ষক দেবজিত। ফলে রেফারি পেনাল্টির নির্দেষ দিলে লি টাক ডান প্রান্তে বল জালে জড়িয়ে পূরণ করেন নিজের দ্বিতীয় হ্যাটট্রিক।

দুই হ্যাটট্রিকে মোট ৬ গোল করে এখন পর্যন্ত তিনিই সর্বোচ্চ গোলস্কোরার টুর্নামেন্টের। গ্রুপপর্বের শেষ ম্যাচে বসুন্ধরার বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন তিনি।

এরপর গোল পরিশোধের একাধিক চেষ্টায় মোহনবাগান তেরেঙ্গানুর রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালাতে থাকে। কিন্তু ভাগ্য বাঁধ বেঁধে বসে। গোলের একাধিক চেষ্টা ও সুযোগ কোনটাই মোহনবাগানের গোলের সংখ্যা বাড়াতে পারেনি। নির্ধারিত নব্বই মিনিটের খেলায় অতিরিক্ত যোগ হওয়া চার মিনিটও শেষ হয়ে গেলে রেফারি শেষ বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি করেন। ফলে মালয়েশিয়া তেরেঙ্গানু ৪-২ গোলে মোহনবাগানকে হারিয়ে ফাইনাল খেলার গঃরব অর্জন করে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর