মিয়া রাকিবুল,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহতদের পাশে দাঁড়িয়েছেন আলফাডাঙ্গা বঙ্গবন্ধু ফাউন্ডেশন।
মঙ্গলবার সকাল ১১টায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের একদল নেতাকর্মী।
এসময় বঙ্গবন্ধু ফাউন্ডেশন সহ-সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা মো. আশিকুর রহমান (আশিক) এর নেতৃত্বে উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক রিপন মোল্যা, মো. শফিক হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নাজিম (শাওন) প্রমুখ।
তারা আহতদের সার্বিক খোঁজ-খবর নেন এবং আহতদের চিকিৎসায় নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য, গত ৮অক্টোবর উপজেলার শুকুরহাটা চরপাড়া এলাকার রেজাউল শেখের জামাতা গ্যাস বেলুন বিক্রেতা সুমন শেখ বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একই গ্রামের হাফিজার মোল্যার ছেলে সালাউদ্দিন মোল্যা (১৭),সাহিদুল মোল্যার ছেলে আকাশ মোল্যা (১১) ও ইনসান শেখের ছেলে নাবিল শেখ (১২) গুরুতর আহত হয়।আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।সেখানে নাবিল শেখ সুস্থ হয়ে উঠলেও সালাউদ্দিন মোল্যা ও আকাশ মোল্যার শারীরিক অবস্থার তেমন কোন পরিবর্তন না ঘটলে তাদের আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বর্তমান সালাউদ্দিন মোল্যা ও আকাশ মোল্যা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।তাদের শারীরিক অবস্থার অনেকটা উন্নত হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস