ক্রিকেটের সাম্প্রতিক বিষয়গুলো ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে ধোয়াশা

একের পর এক ঘটনা ঘটছে ক্রিকেটে। হুট করে ক্রিকেটারদের ধর্মঘট, খেলা বর্জনের ঘোষণা। নিয়ম ভঙ্গ করে একটি ফোন কোম্পানীর সাথে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের চুক্তি এবং তার ভারত সফরে যাওয়া-না যাওয়া নিয়ে নানা কথাবার্তা। এর মধ্যে বোমা ফাটলো বাজিকরদের প্রস্তাব পেয়েও সাকিব তা গোপন রেখে ফেঁসে যাওয়ার ঘটনা। সর্বশেষ আইসিসি থেকে ২ বছরের নিষেধাজ্ঞা।

ভোর থেকে ক্রীড়াঙ্গনের প্রধান আলোচনাই এখন ক্রিকেট। বিশেষ করে সাকিব আল হাসান। ঐতিহাসিক ভারত সফরের আগে যেখানে খেলা নিয়ে বেশি আলোচনায় থাকবেন ক্রীড়ামোদীরা, সেখানে সামনে চলে এসেছে মাঠের বাইরের সব নেতিবাচক ঘটনা। বাংলাদেশের ক্রিকেটে এমন বাজে সময় আগে কখনো আসেনি।

দেশের খেলাধুলার অভিভাবক হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি সব সময়ই সোচ্চার। এই যেমন ক্রিকেটাররা খেলা বর্জনের ঘোষণার পরই তিনি প্রতিক্রিয়ায় বলেছেন, তাদের এভাবে হার্ডলাইনে যাওয়া ঠিক হয়নি।

আইসিসির কঠিন শাস্তির মুখোমুখি দাঁড়ানো সকিব আল হাসানকে নিয়েও বলেছেন নানা কথা। তবে কয়েক দিনের ঘটনাটা মিলাতে পারছেন না দেশের ক্রীড়ার এই শীর্ষ ব্যক্তি। তার নিজের কাছেই কেমন যেমন বিষয়টি ধোঁয়াশায় ঘেরা।

ক্রিকেটারদের ধর্মঘটের পর থেকে ষড়যন্ত্র কথাটি এসেছে। স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছেন ষড়যন্ত্রের কথা। মন্ত্রী কি তেমন কিছু মনে করছেন? এমন এক প্রশ্নের জবাবে আজ দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘আসলে যেহেতু সামগ্রিক একটি বিষয় কাজ করছে।

ক্রিকেট বোর্ডের পরিচালক থেকে শুরু করে, আরো একজন পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন তদন্ত থেকে শুরু করে ধর্মঘট, তারপর সাকিবের এ বিষয়টি। সবকিছু মিলিয়ে আমার কাছে কেমন যেন ধোঁয়াশা লাগছে। তবে আমার কাছে মনে হয় এটা কেটে যাবে।’

এ ঘটনাগুলো ভারত সফরে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘সাকিবের এ ঘটনাটির কারণে দল ঘোষণাও একটু পিছিয়ে গেছে। পিছিয়ে গেছে বলবো না ঠিক। মানে সাকিব থাকলে দল এক রকম হবে, না থাকলে আরেক রকম হবে।

এই কারণে তারা সিদ্ধান্তহীনতায় আছে। এটার দ্রুত সমাধান না হলে ইন্ডিয়া সফর নিয়ে সবার মধ্যে সংশয় থাকবেই, স্বাভাবিক। তবে আমার মনে হয় দ্রুত এটা কেটে যাবে।’

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর