সাইদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় স্বর্ণ পাচার মামলায় ইদ্রিস আলি নামের একজনকে ১৪ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯অক্টোবর) বিকালে আসামীর উপস্থিতিতে স্পেশাল ট্রাইব্যুনাল-১ বিচারক মোহা. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়। সাজাপ্রাপ্ত ইদ্রিস আলি যশোর জেলার বেনাপোল বন্দর উপজেলার খালসী গ্রামের মৃত সবুর আলি গাজির ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৮ সালের (২রা জুন) ভোরে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল দামুড়হুদা লোকনাথপুর তেল পাম্পের সামনে অবস্থান নেয়।
ঘটনাস্থলে বিজিবি সদস্যরা পৌছালে ইদ্রিস পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৭টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় চুয়াডাঙ্গা ৬ বিজিবির নায়েক রাসেল শিকদার বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দামুড়হুদা থানার এসআই শ্যামল চন্দ্র পোদ্দার ইদ্রিস আলিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন ২০১৮ সালের ৩১ আগস্ট।
মঙ্গলবার (২৯অক্টোবর) বিকালে চুয়াডাঙ্গা স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক ১১ জন সাক্ষীর মধ্যে ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে আসামীকে ১৪ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন এবং আটক স্বর্ণ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন।
বার্তাবাজার/ডব্লিওএস