মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বন্ধের দিনও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
চট্টগ্রাম টু ঢাকা রেল পথে নিয়োজিত ট্রেন সার্ভিস সোনার বাংলা চট্টগ্রাম-ঢাকা যাতায়াতে চালু থাকলেও প্রতি মঙ্গলবার সাপ্তাহিক ছুটিতে বন্ধ থাকে। কিন্তু এখন তা শিক্ষার্থীদের সুবিধার্থে মঙ্গলবারও চলাচল করবে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) হতেই বিকেল ৫টায় যাত্রা শুরু করবে বলে জানায় রেল কর্তৃপক্ষ।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি মাথায় রেখে বন্ধের দিনও সোনার বাংলা ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বন্ধের দিন হলেও বিকেল ৫টায় যথাসময়ে ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা রওনা দিবে।
রেলওয়ে সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বাণিজ্যিক বিভাগ চবি’র ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা এবং অতিরিক্ত যাত্রী চাহিদা বিবেচনায় রেখে ‘সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার সোনার বাংলা চালুর’ জন্য প্রস্তাব করে। পরিবহন বিভাগ এ চাহিদাপত্রটি রেল ভবনে প্রেরণ করে। তবে সোমবার পর্যন্ত রেল ভবনের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান প্রস্তাবটি অনুমোদন করেননি।
অবশেষে আজ মঙ্গলবার সোনার বাংলা সার্ভিস চলাচলের প্রস্তাবটি অনুমোদিত হলে আজ বিকাল পাঁচটা হতেই সোনার বাংলা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
বার্তাবাজার/ডব্লিওএস