আইসিসির দেয়া শাস্তি মেনে নিয়েছেন সাকিব

দুই বছর আগে তিনটি ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও সেটি গোপন রাখার অভিযোগে আইসিসি কর্তৃক সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তবে অপরাধ স্বীকার করে নেয়ায় এক বছরের শাস্তি স্থগিত করা হয়েছে।

যার ফলে আগামী বছরের ২৯ অক্টোবর পুনরায় সবধরনের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। আইসিসিকে দেয়া বিবৃতিতে নিজের ওপর আসা এ শাস্তি তথা নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন সাকিব। একইসঙ্গে অঙ্গীকার প্রকাশ করেছেন আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের সঙ্গে দুর্নীতি বিরোধী প্রোগ্রামে অংশ নেয়ার।

আইসিসিতে সাকিব বলেন, ‘আমি সত্যিই খুব মর্মাহত। যেই খেলাটাকে এতো ভালোবাসি সেখানে নিষিদ্ধ হলাম। তবে ম্যাচ পাতানোর প্রস্তাব আইসিসিতে না জানানোয়, আমি আমার নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি। আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট খেলোয়াড়দের দুর্নীতিমুক্ত রাখতে প্রাণপনে লড়ে যাচ্ছে। কিন্তু আমি আমার অংশটা ঠিকঠাক পালন করতে পারিনি।’

তিনি আরও বলেছেন, ‘বিশ্বের সব খেলোয়াড়দের মতো আমিও চাই ক্রিকেট খেলাটা যেনো দুর্নীতিমুক্ত থাকে। সামনের দিনগুলো আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের সঙ্গে তাদের দুর্নীতিবিরোধী প্রোগ্রামে কাজ করতে আগ্রহী। আমি এটি নিশ্চিত করতে চাই যে আমার মতো ভুল যেন কোনো তরুণ খেলোয়াড় ভবিষ্যতে না করে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর