ইলিশ ধরতে গিয়ে পুলিশের ধাওয়ায় যুবলীগ নেতার মৃত্যু

ইলিশ শিকারে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নদীতে ডুবে মজিবুর রহমান মৃধা নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার নিয়ামতি বাজারসংলগ্ন বিষখালী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মজিবুর উপজেলার নিয়ামতি ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত দলিল উদ্দিন রহমানের ছেলে।

এর আগে সোমবার রাতে পুলিশের একটি দল নদীতে এসে তাদের ইলিশ ধরার ট্রলার ধাওয়া করে। এ সময় তিনি নদীতে ডুবে নিখোঁজ হন।

জানা গেছে, ওই নদীতে ইলিশ শিকারে গেলে রাজাপুর থানার মৎস্য অফিসারের সমন্বয় পুলিশের একটি দল নদীতে এসে তাদের ট্রলার ধাওয়া করলে তিনি নদীতে পড়ে যান। এ সময় ট্রলারের অন্য জেলেরা আত্মরক্ষায় নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যান।

অন্যরা পাড়ে উঠলেও মজিবর রহমান নিখোঁজ হন। এরপর মঙ্গলবার সকালে স্বজনরা নদীতে তার সন্ধান করতে গিয়ে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পান। পরে মরদেহ উদ্ধার করে বাকেরগঞ্জ থানায় নিয়ে যান তারা।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, নিষেধাজ্ঞার সময়ে ইলিশ কিনতে গিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে মজিবুর নদীতে ঝাঁপ দেয় বলে তার স্বজনরা জানিয়েছে। তবে বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে এ ধরনের কোনো ঘটনা নেই। আর স্বজনরা যে স্থানের কথা বলছে সেটি রাজাপুর থানার আওতাভুক্ত।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, বর্তমানে সর্বত্রই ইলিশ নিধন বিরোধী অভিযান চলাচ্ছে পুলিশ। তবে এ ধরনের কোনো ঘটনা আমাদের জানা নেই।

এ বিষয় বাকেরগঞ্জ উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, অভিযানটি আমাদের উপজেলা থেকে করা হয়নি। তবে কারা করেছে সে বিষয়ে আমার জানা নেই।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর