মুহাম্মদ উল্যাহ সজীব, নোয়াখালী (সেনবাগ-সোনাইমুড়ী) প্রতিনিধি: সোনাইমুড়ীর মানুষ শান্তিপ্রিয়, সাম্প্রতিককালে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য যুব সমাজের হাতে পৌঁছে দিচ্ছে। এসব চলতে থাকলে যুব সমাজ অপরাধের দিকে ঝুঁকবে। মাদক বিক্রেতাদের আইনের আওতায় এনে মাদক প্রতিরোধে প্রশাসনকে আরো আন্তরিক হতে হবে বললেন ,নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
তিনি বলেল, প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যান আন্তরিক হলে মাদক, সন্ত্রাস প্রতিরোধ করা সম্ভব। সোনাইমুড়ী রেলওয়ের অবৈধ দখলকারীত্বের বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এমপি সোনাইমুড়ী থানা প্রশাসনকে অতিসত্বর যারা বৈধভাবে লীজ নিয়েছে তাদের কাগজপত্র দেখে জায়গা বুঝিয়ে দিতে এবং যারা অবৈধভাবে দখলদারীত্বে আছে তাদের থেকে সরকারি দখলকৃত রেল এর জায়গা উদ্ধার করার জোর তাগিদ দেন।
তিনি আরো বলেন, আইনশৃংখলা বিঘ্নকারীরা যে দলের, যতই প্রভাবশালী হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সোনাইমুড়ী উপজেলার বীরবিক্রম মোজাফফর আহাম্মদ মিলনায়তনে আইনশৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার টিনা পালের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সামাদ পিপিএম, বৃহত্তম সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি ফারুক আল ফয়সাল, ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
বার্তাবাজার/ডব্লিওএস