এম এ মালেক,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজলার সলঙ্গায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল নবরত্ম মন্দির সড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ডাকাতি মামলায় তাদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো-সিরাজগঞ্জ সদর উপজেলার মালিগাতী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন ওরফে সাগর (৩৮), সলঙ্গা থানার লাঙ্গলমোড়া গ্রামের মোজদার আলীর ছেলে মো. সবুজ শেখ (২৭), রায়গঞ্জ উপজেলার রামকৃষ্ণ কোদলা গ্রামের সোনা মন্ডলের ছেলে মো. আক্তার হোসেন (৪৫) ও বগুড়ার শেরপুর উপজেলার আমিনপুর আশগ্রামের রফিকুল ইসলামের মো. রঞ্জু মিয়া(২৬)।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ডাকাতির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ন কবিরের নেতৃত্বে এসআই মো. মোস্তাফিজুর রহমান সঙ্গীয় এস.আই শরীফুল ইসলাম, এ এস আই মিলন হোসেন, এ এস আই আসাদুল হক, এ এস আই নূরুল ইসলাম, এ এসআই শামসুল হক নিয়মিত অভিযানের অংশহিসেবে হাটিকুমরুল নবরত্ম মন্দির সড়কের মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৪ ডাকাতকে আটক করে।
সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ন কবির মঙ্গলবার নিশ্চিত করে জানান, হাটিকুমরুল ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল নবরত্ম মন্দির সড়কের মাথায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে ট্রাক ও দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বার্তাবাজার/এম.কে