মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে মুখোমুখি হতে যাচ্ছে টুর্ণামেন্টের দুই শক্তিধর দল তেরেঙ্গানু ও কোলকাতার মোহনবাগান ফুটবল ক্লাব।
‘বি’ গ্রুপ থেকে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালে জায়গা করেছে মালয়েশিয়ার তেরেঙ্গানু। গ্রুপ পর্বে তিন ম্যাচে তাদের অর্জন ৭ পয়েন্ট। দল হিসেবে দারুণ ফর্মে থাকা এই দলের প্রতিপক্ষের জালে সবচেয়ে বেশি গোলও তাদের ঝুড়িতে। এ পর্যন্ত ৯ টি গোল দিয়েছে তারা।
এছাড়া তাদের রয়েছে ভারসাম্যপূর্ণ ফরোয়ার্ড জোন। ব্রুনো সুজুকি, লি টাক ও সাইফিক বিন কামালের সম্মিলিত আক্রমণ ভাগ। সুজুকি ও লি তো গ্রুপ পর্বে হ্যাটট্রিকও করেছিলেন। শক্তিশালী ফরোয়ার্ড জোন থাকার পরেও তেরেঙ্গানুর কোচ খুব সতর্ক। তিনি বলেন, ‘মোহনবাগানের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য সহজ হবে না। তবে আমার বিশ্বাস আছে খেলোয়াড়দের ওপর। তারা আগের তিন ম্যাচে খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমরা ফাইনালে খেলতে পারবো।’
অপর দিকে প্রতিযোগিতায় শুরুতে হার দিয়ে শুরু করা ও গ্রুপ পর্বে রানার্স আপ হওয়া ভারতের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহনবাগানও এখন ফাইনালের আশা দেখছে। দলটির স্প্যানিশ কোচ কিবু ভিকুনার আশা, ‘আমরা চেষ্টা করবো ভালো একটি ম্যাচ উপহার দিতে। যেন দল ফাইনালে উঠতে পারে। আমরা ম্যাচ বাই ম্যাচ ভালো করছি। আশা করছি এই ম্যাচও জিততে পারবো।’
তবে দলটির গোলকিপার দেবজিত মজুমদারের লক্ষ্য একেবারে ফাইনাল, ‘সেমিফাইনালে ভালো খেলে ফাইনালে জায়গা করে নিতে চাই। কোচের নির্দেশনা অনুযায়ী খেলতে পারলে আমাদের পক্ষে জয় সম্ভব। আমরা এই ম্যাচে লড়াই করবো। আগের চেয়ে ভালো পারফরম্যান্স দেখাতে চাই।’
বিভিন্ন হিসাব কিতাব করে দেখা যায়, আজকের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে যাওয়া মালয়েশিয়ার তেরেঙ্গানু ও কোলকাতার মোহনবাগান ক্লাব কেহই কারো হতে কম নয়। এখন দেখার পালা মাঠে ময়দানে কোন দল ফাইনালের টিকেট অর্জনে নিজেদের যোগ্য প্রমাণ করবে এবং হবে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ।
বার্তাবাজার/এম.কে