সিরাজগঞ্জে ইলিশ মাছ ধরায় ৭ জেলের দন্ড

এম এ মালেক, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৭ জেলেকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এর নেতৃত্বে চলা ভ্রাম্যমান আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মূলকান্দি গ্রামের মৃত জহুর উদ্দিন এর ছেলে শাহআলম (২৫), আকতার আলী এর ছেলে আব্দুল্লাহ (৩৭), শুকুর আলীর এর ছেলে নূর ইসলাম (৫০), টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বেলোটিয়া গ্রামের আমজাদ সরকারের ছেলে নূরনবী সরকার (২৬), ছলিম এর ছেলে নূর উদ্দিন (৩৬),ছালাম এর ছেলে সোলায়মান(১৯),টাঙ্গাইল সদর উপজেলার চর বহুলী গ্রামের মৃত ছোকমান এর ছেলে শফিকুল (৩৭)।

উক্ত আসামীদের সাজা পরোয়ানামূলে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, মঙ্গলবার সকাল ১১ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সিরাজগঞ্জ সদরের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়।

এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ৭ জনকে আটক, ৫৫ হাজার মিটার ক্যারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে ৭ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

জব্দকৃত ক্যারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ গুলো স্থানীয় এতিম খানায় বিতরন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ার হোসেন ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর