বাংলাদেশ ক্রিকেট দলের টি-টুয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করার অভিযোগ উঠেছে। এ নিয়ে আইসিসির তদন্তের ঘটনায় চারদিকে তোলপাড়। এমন অবস্থায় শোনা যাচ্ছে সাকিব নিষিদ্ধ হতে পারেন।
এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, সাকিবকে নিয়ে আইসিসির সিদ্ধান্তের বিষয়ে আমাদের করার কিছু নেই।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। আজারবাইজানের রাজধানী বাকুতে সদ্য সমাপ্ত ১৮তম জোট নিরপেক্ষ সম্মেলন (ন্যাম) নিয়ে এই সংবাদ সম্মেলন হয়।
প্রধানমন্ত্রী বলেন, বিসিবি সবসময় সাকিবের সঙ্গে আছে। সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তবে ওর উচিত ছিল ফিক্সিংয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা। কিন্তু সে তা করেনি। গোপন না করে সেটা আইসিসিকে তার জানানো উচিৎ ছিল। এখন আইসিসি যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নয় তাহলে সেখানে আমাদের কিছু করার থাকে না। সে ভুল করেছে। তারপরেও আমাদের যা করার সেটা করা হবে।