হঠাৎ করেই খবর বেরিয়েছে ক্রিকেটের দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিষিদ্ধ হচ্ছেন। জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়ে তা বোর্ড কিংবা আইসিসিকে না জানানোর অভিযোগে তাকে নিষিদ্ধ করছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। আজকালের মধ্যেই এ সিদ্ধান্ত আসবে এমন খবরও বেরিয়েছে।
তবে এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিছুই জানে না বলে নিশ্চিত করেছেন বোর্ডের এক প্রভাবশালী পরিচালক। এমনকি আইসিসি তাদের কোন চিঠি দেয়নি বলেও জানান তিনি। অন্যদিকে বিসিবি’র আরেকটি সূত্রও সাকিব ইস্যুতে আইসিসির চিঠি না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
কেনো চিঠি দেয়া হয়নি সেই ব্যাখ্যায় সূত্রটি বলছে, ফিক্সিং বা প্রস্তাব সম্পর্কিত যেকোন ঘটনা আইসিসি’র এন্টি করাপশন ইউনিট (আকসু) স্বতন্ত্রভাবে তদন্ত করে থাকে। যে পর্যন্ত ক্রিকেটার বা অভিযুক্তদের বিপক্ষে দোষ প্রমাণের তথ্যাদি পাওয়া না যায় সে পর্যন্ত তারা বিষয়টি নিজেদের কাছেই রাখে।
অভিযোগ প্রমাণ করার মতো শক্ত কিছু পেলেই তারা সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করেন। এ কারণে আমরা এখনো বিষয়টি জানতে পারিনি।
যদি সাকিবের সঙ্গে এ ধরনের কিছু ঘটে থাকে সেক্ষেত্রে বিসিবি তার পক্ষে থাকবে কিনা জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, অবশ্যই আমরা তার পাশে থাকবো, আমাদের বোর্ড সভাপতিও তা জানিয়েছেন। ক্রিকেটারদের ভুল হতেই পারে, সেটা কি ধরনের তা দেখে আমরা তাকে সহযোগিতা করার চেষ্টা করবো।
বার্তাবাজার/এম.কে