ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামীকাল বুধবার ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে আসন্ন এ সিরিজে কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে টাইগারদের। কারণ জুয়াড়ির প্রস্তাব গোপনের অভিযোগে নিষিদ্ধ হতে পারেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, তাই ভারত সফরে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
পঞ্চপাণ্ডবদের আরেকজন নিয়মিত ওপেনার তামিম ইকবালও খেলবেন না এই সিরিজে। তিনি সন্তান সম্ভবা স্ত্রীকে সময় দিতে ছুটি নিয়েছেন। অপরদিকে ইনজুরির কারণে দল থেকেই ছিটকে পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাই আবশ্যিকভাবেই দলে পরিবর্তন আনতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
এ ব্যাপারে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, টি-টোয়েন্টি দল ঘোষণা দিতে একটু দেরি হবে।
তিনি আরো বলেন, ‘আমরা টি-টোয়েন্টি দল মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২-১টার দিকে ঘোষণা দেব। আমাদের টেস্ট দল ঘোষণা দিতে কিছু সময় লাগবে। আগামী দুই-তিন দিন পর আমরা ঘোষণা দেব। টি-টোয়েন্টি দলের ব্যাপারে অভ্যন্তরীণ কিছু ব্যাপার আছে এ জন্যই আমরা একদিন পিছিয়েছি। যেহেতু দুই একটা পরিবর্তন আসছে যেমন তামিম যাচ্ছে না সাইফউদ্দিনের ইনজুরি সেক্ষেত্রে আমরা একটু চিন্তা ভাবনা করেই দিচ্ছি।’
উল্লেখ্য, ভারত সফরে আগামী ৩ নভেম্বর প্রথম টি-টোয়ন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপরে দুই দলের মধ্যকার বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ০৭ ও ১০ নভেম্বর । এছাড়াও ১৪ এবং ২২ নভেম্বর হবে দুটি টেস্ট ম্যাচ।
বার্তাবাজার/কে.জে.পি