ভারত সফরে সাকিব থাকছেন কি না, জানা যাবে কাল

ধর্মঘটের অচলাবস্থা কাটিয়ে গত শুক্রবার থেকে মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। এদিন ভারত সফরের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু হয়, তবে প্রথম দিন উপস্থিত ছিলেন না বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

পরের দিন অনুশীলনে আসলেও দুটি নির্ধারিত অনুশীলন ম্যাচে খেলছেন না বাঁহাতি এই অলরাউন্ডার। তাকে ঘিরেই এখন আলোচনা চলছে ক্রিকেটাঙ্গনে।

ভারত সফরে সাকিবের অনিশ্চয়তা নিয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, আগামীকাল আবার দল ঘোষণা করা হবে। সাকিবেরটা কালকেই বলতে পারব।

আজ সোমবার রাতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আকরাম খান বলেন, ‘সাকিবেরটা কালকেই বলতে পারব। কালকেই টিমটা দিয়ে দিচ্ছি। বিস্তারিত থাকবে সেখানে। অনিশ্চয়তা না, অফিসিয়ালি কোনো কিছু আসেনাই।’

একবার দল ঘোষণা করা হয়েছিল আগেই, এখন আবার কেন এমন প্রশ্নে আকরাম খান বলেন, ‘আগামীকাল ১২/১টার দিকে আমরা টি-টোয়েন্টি দল দিব। টেস্টটা দিতে কিছুদিন সময় লাগবে আমাদের।

দুই-তিন দিন পর আমরা সেটা দিব। টি-টোয়েন্টি টিমটার জন্য ওয়েট করছেন সেটার জন্য আমাদের ইন্টারনাল কথা হয়েছে। কিছু ব্যাপার আছে, এজন্য একদিন আমরা পিছিয়েছি। কালকে আপনাদের হাতে আমরা টিম দিয়ে দিব।’

ক্রিকেটাররা লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এটা আগে থেকেই ঠিক করা ছিল। গতকাল রোববার প্রথমটি হয়েছে, আজ দ্বিতীয়টি হচ্ছে।

এই প্রস্তুতি ম্যাচে সাকিব কেন খেলছেন না জানতে চাইলে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান দৈনিক আমাদের সময়কে বলেছিলেন, ‘সাকিবকে কোচ ছুটি দিয়েছেন, আমরা জানি না।’

আকরাম খান আরও জানান, ‘সাকিব কোচের কাছে বিশ্রাম চেয়েছেন, কোচ তাকে বিশ্রাম দিয়েছেন। এটা সম্পূর্ণ কোচের ব্যাপার। আমাদের কোনো হাত নেই।’

সন্ধ্যা ছয়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লাল দল-সবুজ দলে ভাগ হয়ে খেলবেন মুশফিক রিয়াদরা। এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে ভারত সফরের অনুশীলন ক্যাম্প।

কাল বিশ্রামের পর আগামী বুধবার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে সাকিবদের। ৩ নভেম্বর নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর