তরুণদের স্বপ্ন পূরণে হাতছানি দিচ্ছে আলফাডাঙ্গার টিটিসি (ভিডিওসহ)

মিয়া রাকিবুল, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণের লক্ষ্যে হাতছানি দিচ্ছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)।উপজেলার কামারগ্রামে ৭২ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মাণাধীন এই টিটিসি নির্মাণকাজ প্রায় সম্পন্ন। চলতি বছরেই সম্পূর্ণ কাজ শেষে এটি উদ্বোধনের মধ্য দিয়ে তরুণদের স্বপ্ন পূরণের যাত্রা শুরু করবে।

জানা যায়, আলফাডাঙ্গা আদর্শ কলেজ ও কামারগ্রাম কাঞ্চন একাডেমি সংলগ্ন দেড় একর জমিতে নির্মিত এই টিটিসি প্রকল্পে চারতলা দুটি ও তিনতলা একটি ভবনসহ বিভিন্ন নির্মাণকাজ প্রায় শেষের দিকে।যত দ্রুত সম্ভব প্রকল্পের কাজ শেষ করার জন্য শ্রমিকরা দিনরাত ব্যস্ত সময় পার করছেন।

টিটিসির তিনটি ভবনের একটি একাডেমিক,একটি ডরমেটরি,একটি প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের কোয়ার্টার ও ছাত্রী হোস্টেল।একাডেমিক ভবনটিতে ক্লাস হবে। ডরমেটরিতে থাকবেন ছাত্ররা। প্রিন্সিপালদের আবাসিক কোয়ার্টারের উপরে ছাত্রীদের আবাসন ব্যবস্থা থাকবে।

এই প্রতিষ্ঠান ঘিরে আলফাডাঙ্গা উপজেলাবাসীর পাশাপাশি ফরিদপুরের অন্য উপজেলায়ও স্বপ্ন ছড়াচ্ছে।বিশেষ করে পাশের বোয়ালমারী, মধুখালী ও কাশিয়ানী উপজেলার তরুণরাও কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে উঠতে পারবে।

এ ছাড়া টিটিসির কার্যক্রম শুরু হলে গোটা আলফাডাঙ্গার আর্থিক অগ্রগতিও হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। এখানকার ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে।এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নতুন কর্মসংস্থান সৃষ্টির স্বপ্নও দেখছেন তারা।

২০১৭ সালের ২৯ মার্চ ফরিদপুর সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তখন তিনি যেসব উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন, তার মধ্যে কামারগ্রামের টিটিসি একটি।এর মাস খানেকের মাথায় শুরু হয় প্রকল্পের কাজ।

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি যখন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, তখন বিদেশের শ্রমবাজারে দক্ষ কর্মীর চাহিদার বিষয়টি খেয়াল করেন।এরপর সারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেন তিনি।প্রথম পর্যায়ে চট্টগ্রামে একটি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটসহ দেশের ৪০টি উপজেলায় টিটিসি স্থাপনে প্রকল্প হাতে নেওয়া হয়।

বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রাথমিক পর্যায়ে বরাদ্দ দেওয়া এই ৪০টি টিটিসির মধ্যে একটি অনুমোদিত হয় আলফাডাঙ্গা উপজেলাতে।

উল্লেখ্য, টিটিসি নির্মাণের জন্য জমি দিয়েছে কামারগ্রাম কাঞ্চন একাডেমী।১৯৩৭ সালে মরহুম কাঞ্চন মুন্সী এই শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।এছাড়া কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ, কবরস্থান, খেলার মাঠসহ বিভিন্ন স্থাপনা কাঞ্চন মুন্সীর দান করা জায়গায় স্থাপিত হয়েছে।

ভিডিও আসছে……

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর