তবে কি বিসিবি প্রধানের আশংকাই সত্যি?

ক্রিকেটারদের তিন দিনব্যাপী ধর্মঘটের পর থেকেই উত্তপ্ত হয়ে আছে দেশের ক্রিকেটাঙ্গন। দরজায় কড়া নাড়ছে ভারত সফর। গুরুত্বপূর্ণ এই সিরিজ থেকে এমনিতেই ছিটকে গেছেন তামিম ইকবাল এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

এর মাঝেই মিডিয়ার কাছে বোমা ফাটিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের শীর্ষ একটি পত্রিকাকে তিনি বলেছেন, ভারত সফর নিয়ে ষড়যন্ত্র চলছে। সাকিবসহ কয়েকজন শেষ মুহূর্তে ভারত সফর থেকে নিজেদের সরিয়ে নিতে পারেন!

এই গুঞ্জনের পালে হাওয়া লেগেছে আরেকটি কারণে। ভারত সফর উপলক্ষে গত ২৫ অক্টোবর শুক্রবার থেকে অনুশীলন ক্যাম্প শুরুর পর সাকিব শুধু শনিবার উপস্থিত ছিলেন। আজ সোমবারও তাকে ছাড়াই প্রস্তুতি ম্যাচ শুরু হয়।

এসব নিয়ে আজ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে বৈঠকও করেছে নাজমুল হাসান পাপনসহ বিসিবির কর্মকর্তারা। নাজমুল হাসান পাপন যতই ক্ষোভ ঝাড়ুন না কেন, বিসিবি চায় না ঝামেলা আরও বাড়ুক। টেস্ট আর টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবকে বুঝিয়ে-সুঝিয়ে যেভাবেই হোক সাকিব আল হাসানকে ভারত সফরে যেতে রাজি করাতে চায় বোর্ড।

বিভিন্ন কারণে বহুদিন ধরেই সাকিবের সঙ্গে বোর্ডের দূরত্ব বেড়েই চলছে। ধর্মঘটের পর নতুন ঝামেলা স্পনসর চুক্তি নিয়ে। আজ সাকিব ইস্যুতে বোর্ডের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তা মাহবুব আনাম এবং জালাল ইউনুস বিকেল পৌঁনে পাঁচটার দিকে পৌঁছে যান মিরপুরের বিসিবি কার্যালয়ে।

তাদের আসার পরপরই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এসে পৌঁছান। এসেই বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ডাকার আগে তিনি ডেকে নেন বেশ কয়েকজন ক্রিকেটারসহ কোচিং স্টাফদের কয়েকজনকে। সাকিবকে নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হতে যাচ্ছে, সেটা আজই চুড়ান্ত হয়ে যাওয়ার কথা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর