চবি’তে গাড়ি পার্কিংয়ের নামে চাঁদাবাজি আটক ১

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় দেশের নানান প্রান্ত হতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট হতে থাকা, খাওয়া সহ নানান খাতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের সাথে যুক্ত হলো গাড়ি পার্কিংয়ের নামে চাঁদাবাজির নতুন পন্থা।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বরের সামনে থেকে রোমিও নামের এক যুবককে গাড়ি পার্কিংয়ের নামে চাঁদাবাজির দায়ে আটক করে পুলিশ।

জানা যায়, চবি’তে ভর্তি পরীক্ষা দিতে দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন গাড়িকে নির্দিষ্ট গন্ডির মধ্যে গাড়ি রাখতে বাধ্য করা এবং টাকা দিয়ে গাড়ি পার্কিংয়ের জন্য টোকেন নিতে জোর করেন রোমিও নামক এক স্থানীয় যুবক।

চবি ছাত্রলীগের নেতা-কর্মীরা খবর পেয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। গাড়ি পার্কিংয়ের নামে টোকেন মারফত চাঁদাবাজি করা যুবক রোমিও নিজেকে শাখা ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ ‘বাংলার মুখ’ এর কর্মী হিসেবে পরিচয় দিলেও খোঁজ নিয়ে জানা যায় তিনি চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সেকশন অফিসার মোহাম্মদ রাশেদ করিমের ছেলে।

ভুক্তভোগীরা জানান, বিশ্ববিদ্যালয়ের স্টেশন এলাকায় রেলওয়ের জমিতে রশি টেনে পার্কিং জোন তৈরি করে সেখানে পার্কিং করা গাড়িগুলো থেকে টোকেন দিয়ে চাঁদা আদায় করছিলেন রোমিও। শুধু তাই নয়, চাঁদা না দিয়ে অন্য স্থানেও গাড়ি রাখতে বাধা দিচ্ছিলেন রোমিও। এ ব্যাপারে এক গাড়ি চালকের সাথে তার অনেক বাকবিতন্ডাও হয়েছিল।

যা দেখে আশপাশের লোকজন ও উপস্থিত সাংবাদিকরা এর কারণ জানতে চাইলে রোমিও বলেন, রেলওয়ের জমি তার বন্ধুর বাবার ইজারাকৃত সম্পত্তি। সে বন্ধুর সম্মতি ও পরামর্শেই জায়গাটিতে পার্কিং জোন করেছে। এছাড়া রাস্তার পাশে গাড়ি দাঁড়ালে যানবাহন চলাচলে অসুবিধা হবে বিধায় চালকদের যত্রতত্র পার্কিংয়ে বাধা দিয়েছিলেন।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের বাংলার মুখের নেতা আমির হোসেন সোহেল বলেন, অভিযুক্ত ছেলেটি আমাতের পরিচিত ছোট ভাই। তবে সে চবি’র ছাত্র নয়। কাজেই সে বগি ভিত্তিক সংগঠন ‘বাংলার মুখ’র কর্মী হওয়ার প্রশ্নই আসে না।

হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, রোমিও নামে যুবককে আমরা আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এবং তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর