অভিযোগ প্রমাণ করতে পারলে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাবো : ড. মাহবুব

মোস্তাফিজ রাকিব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সমূহের তথ্য প্রমান দিতে পারলে আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাবো বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় এর ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও সাবেক প্রক্টর ড. মাহবুবর রহমান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমি আমার সাংবিধানিক অধিকার গ্রহণ করে অভিযোগকারীদের সেই সুযোগ তৈরি করে দিয়েছি। আর তারা যদি তথ্য প্রমাণ না দিতে পারে তাহলে আনুষ্ঠানিকভাবে আমার সততার স্বীকৃতি দিতে হবে।

আমি এব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আমি বিশ্ববিদ্যালয় এর শিক্ষক সংগঠন এবং প্রশাসনের কাছে এব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছিলাম তাদের কাছ থেকে কোনরকম সাড়া না পেয়ে আমি আদালতের আশ্রয় নিয়েছি।

জানা যায়, সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে অধ্যাপক ড মাহবুবুর রহমানের নামে মানহানিকর বক্তব্য প্রদান করায় গত ১৭ অক্টোবর ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালন এবং ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মুনজুরুল ইসলামের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন তিনি। পরে আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করেছেন এবং আগামী ২৫/১১/১৯ তারিখে তাদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলা করায় ক্ষোভ প্রকাশ করে আজ (২৮ অক্টোবর) দুপুরে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের বিদ্রোহী নেতা-কর্মীরা। পরে বেলা ১টা ৩০ এর দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়।

বিক্ষোভ শেষে তারা উপাচার্য এর কক্ষে গিয়ে মামলা প্রত্যাহার ও প্রফেসর ড মাহবুবুর রহমানকে সকল প্রকার প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতির দাবি জানালে, উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, “ আমরা তার সাথে কথা বলেছি, তিনি বিষয়টি তার ব্যাক্তিগত বলে জানিয়েছেন। তারপরেও সমস্যা নিরসনে তার সাথে আলোচনা করা হবে।

এছাড়া উপাচার্য তাদেরকে প্রধান ফটক খুলে দেওয়ার জন্য অনুরোধ করলে তারা প্রধান ফটক খুলে দেয় বলে জানা গেছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর