শামীমুল ইসলাম, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার উখিয়ার ইনানী সমুদ্র সৈকত থেকে প্রায় ৪০ কোটি টাকার মূল্যের ৮ লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব-১৫।
আজ (২৮আক্টোবর) সোমবার ভোররাতে ইনানীর রয়েল টিউলিপ সংলগ্ন সৈকতের ঝোপ থেকে ইয়াবার এ বড় চালানটি উদ্ধার করা হয়। আটককৃত রোহিঙ্গা যুবকের নাম জামাল উদ্দিন (২৫)।সে টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় র্যাব-১৫ এর পক্ষ থেকে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এ সময় র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর রবিউল ইসলাম বলেন, মিয়ানমার থেকে সাগর পথে ইয়াবার একটি বড় চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর কক্সবাজারের সিপিএসসি কমান্ডার মেজর মেহেদি হাসানের নেতৃত্বে রাত সাড়ে ১১ টার দিকে ইনানী রয়েল টিউলিপ সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
এ সময় অভিযান টের পেয়ে ওই চালানের সাথে জড়িত অন্তত পাঁচজন রোহিঙ্গা পালিয়ে যায়।এক পর্যায়ে রোহিঙ্গা যুবক জামাল উদ্দিন কে আটক করতে সক্ষম হয় র্যাব।পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ভোররাতে রয়েল টিউলিপ সংলগ্ন সৈকতের ঝোপ থেকে উদ্ধার করা হয় ইয়াবাগুলো।
সংবাদ সম্মেলনে আরো জানায়, এই পর্যন্ত আটক হওয়া ইয়াবার বড় চালানের মধ্যে এটাই অন্যতম বড় চালান, আটক রোহিঙ্গা যুবক জামাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদে এ চালানের ব্যাপারে অনেক কিছু বেরিয়ে এসেছে।এ চালানের সাথে বড় একটি ‘চক্র’ জড়িত আছে, তবে তদন্তের স্বার্থে এখন সব কিছু বলা যাচ্ছেনা এমনটা বললেন র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর রবিউল ইসলাম।
বার্তাবাজার/এম.কে