মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে টুর্ণামেন্টের দুই শক্তিধর দল চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও ভারতের গোকুলাম কেরালা।

দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা দল হিসেবে শেষ চারে ওঠে চট্টগ্রাম আবাহনী। আর ‘বি’ গ্রুপ হতে দুই জয় ও এক ড্রয়ে গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে নাম লেখায় কেরালা গোকুলাম ফুটবল ক্লাব।

জামাল ভুঁইয়া, ইয়াসিন আরাফাত, রিয়াদুল ইসলাম রাফি, আরিফুর রহমান, রহমত মিয়া মাজহারুল ইসলাম হীমেলের মত ধার করে আনা ফুটবলার দিয়েই এবার বাজিমাত করছে চট্টগ্রাম আবাহনী। দেশের একমাত্র দল হিসেবে উঠেছে সেমি-ফাইনালে। অথচ গত লিগে বন্দর নগরীর দলটি ১৩ দলের মধ্যে অষ্টম হয়েছিল।
অপরদিকে টুর্ণামেন্টে দল অন্তর্ভুক্তির শেষ দিকে এসে যুক্ত হওয়া ‘গোকুলাম কেরালা এফ সি’ও রয়েছে দারুন ফর্মে। দুইটি জয় ও একটি ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে উঠে এসেছে সেমি-ফাইনালে। নিজ দল নিয়ে আত্মবিশ্বাসী হলেও প্রতিপক্ষকে দুর্বল ভাবকে নারাজ চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক। তবে গোকুলাম ধরাছোঁয়ার বাইরেও নয় বলে মনে করেন চট্টগ্রাম আবাহনী কোচ।
তিনি আরো বলেন, “নাথানিয়েল গার্সিয়া, হেনরি কিসেকার মতো নির্ভরযোগ্য ফরোয়ার্ড আছে গোকুলামের আক্রমণভাগে। গ্রুপ পর্বে কিসেকা ৩টি, গার্সিয়া এক গোল করেছেন। মারুফুল জানালেন প্রতিপক্ষের বিদেশিদের নিয়ে আলাদা পরিকল্পনা থাকার কথাও। অবশ্যই ওরা অনেক গোছালো দল। ওদের তিনটা বিভাগেই ভালো মানের খেলোয়াড় আছে। খেলাটা তারা তাদের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারে। তার মানে এই নয় যে, তারা ধরাছোঁয়ার বাইরে। তাদের হারানো যাবে না।”
নিজ দল চট্টগ্রাম আবাহনী সম্পর্কে কোচ মারুফুল হক বলেন, “আমার দলও (চট্টগ্রাম আবাহনী) কোন অংশে পিছিয়ে নেই। সেমি-ফাইনাল নিশ্চিত (অনেকটা) হয়ে যাওয়ায় তৃতীয় ম্যাচে আমাদের পরিকল্পনা অন্যরকম ছিল। পরিকল্পনা যদি প্রথম দুই ম্যাচের মতই থাকত, তাহলে তৃতীয় ম্যাচেও আমরা জিততে পারতাম। তবে আশা করি আমরা গোকুলামকে হারাতে পারবো।”
মারুফুল হক বলেন, ঘানার হয়ে ২০১০ বিশ্বকাপ খেলা প্রিন্স ট্যাগো এখনও চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলতে নামেননি। তবে ৩ গোল করা নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথিউ, ১ গোল করা লুকা রতকোভিচসহ ইকবল জন, প্লেন পিটারদের ওপর আমার আস্থা রয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম আবাহনী ও কেরালা গোকুলামের মধ্যকার সেমিফাইনাল নিয়ে চট্টগ্রামবাসীর মাঝে প্রবল উৎসাহ ও উত্তেজনা কাজ করছে। সমর্থকদের মধ্যে প্রায় ৯০ ভাগই আবাহনীর পক্ষে।
বার্তাবাজার/এম.কে