দুদিন পরই ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ। সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবেন টাইগাররা। এর আগে সফর নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
তিনি বলেন, গেল সপ্তাহটা আমাদের জন্য ছিল অনেক কঠিন। ক্রিকেটাররা কিছু যৌক্তিক দাবিতে সোচ্চার ছিলেন। সমঝোতার পর সবাই ক্রিকেটে ফিরেছে। সবশেষ তিন দিন আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন আমাদের মূল ফোকাস ভারত সফরে। আমরা বিশ্ব ক্রিকেটের শীর্ষ দলের বিপক্ষে খেলব। স্বাভাবিকভাবেই সহজে সাফল্য পেয়ে যাব- এ রকম আশা করা যায় না। তবে অবশ্যই আমরা জয়ের জন্য খেলব। আমাদের যে দল আছে তা লড়াই করার মতো।
মিস্টার ডিপেন্ডেবল বলেন, আসন্ন সিরিজে আমাদের সামনে বড় সুযোগ থাকছে। কারণ এ সফরে আমাদের হারানোর কিছু নেই। টি-টোয়েন্টিতে ভারত অনেক ভালো দল। এ ছাড়া সব ফরম্যাটেই ভালো ক্রিকেট খেলছেন তারা। তাদের মোকাবেলা করা হবে আমাদের বড় চ্যালেঞ্জ। এ দিয়ে বুঝতে পারব, আগামী বিশ্বকাপের জন্য আমরা কতটুকু প্রস্তুত এবং কোন জায়গায় আছি। কোন জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে, সেটি বুঝতে পারব। তাই ব্যক্তিগতভাবে হোক কিংবা দলগতভাবে বলুন-এ সফর আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।
বার্তাবাজার/কে.জে.পি