বিমানের ঢাকা-মদিনা সরাসরি ফ্লাইট শুরু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মদিনা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট শুরু হয়েছে।

সোমবার দুপুর ১টা ১০ মিনিটে বিজি-০৩৭ ফ্লাইটে ২৪১ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মদিনাগামী বিমানটি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী ফ্লাইটটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এ রুটে প্রতি সপ্তাহে (সোম, বুধ, বৃহস্পতি ও শনি) চারদিন ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী সংস্থাটি। যাত্রী সংখ্যা বিবেচনায় এ রুটে আগামীতে ফ্লাইট আরও বাড়ানো হবে।

তিনি বলেন, বিমানের রুট সম্প্রসারণ প্রক্রিয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।

উল্লেখ্য, ঢাকা-মদিনা-ঢাকা রুটের টিকিট বিমানের সব বিক্রয় কেন্দ্র ও ট্রাভেল এজেন্টের মাধ্যমে কেনা যাবে। এ ছাড়া অনলাইনে বিমানের ওয়েবসাইট ও বিমানের কল সেন্টার (মোবাইল ০১৭৭৭৭১৫৬১৩-৬) থেকেও এই টিকিট কেনা যাবে। টিকিট কেনার সুনির্দিষ্ট তারিখ ও মূল্য শিগগিরই ঘোষণা করা হবে।

বর্তমানে বিশ্বের ১১টি দেশে ১৫টি রুটে চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। এর মধ্যে ১৪টি রুটই এশিয়ায়। এশিয়ার বাইরে বিমানের একমাত্র ফ্লাইটটি চলাচল করে লন্ডনে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর